
এবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সংসদ সদস্য পদে থাকা একাধিক ব্যক্তির আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মোট ৭৭৮টি লাইসেন্স বাতিল করা হয়েছে।
তারমধ্যে অধিকাংশই সে দেশের প্রাক্তন সংসদ সদস্যদের। ওই আগ্নেয়াস্ত্রগুলি জমা দেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছিল মুহাম্মদ ইউনূসের প্রশাসন। সময়ের মধ্যে অস্ত্র জমা না দেওয়ার অভিযোগে লাইসেন্স বাতিল করা হয়েছে। শেখ হাসিনার সরকারে যারা উচ্চ পদে ছিলেন, তাদের অস্ত্রের লাইসেন্স বাতিল হয়েছে।লাইসেন্স বাতিল হওয়ার পর ওই ৭৭৮টি আগ্নেয়াস্ত্র অবৈধ হয়ে গিয়েছে। সেগুলি উদ্ধারের তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ পুলিশ। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। মূলত পাবনা, চট্টগ্রাম এবং ঢাকায় এই অস্ত্রগুলি রয়েছে বলে মনে করা হচ্ছে। অভিযোগ, শেখ হাসিনার সরকার ক্ষমতাসীন থাকাকালীন বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করতেন রাজনৈতিক নেতা এবং উচ্চপদস্থ কর্তারা।
অন্যদিকে, ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাশের গ্রেফতারির প্রতিবাদে চট্টগ্রামের বিক্ষোভ চলাকালীন আইনজীবীর মৃত্যুর ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রিপন দাস।








