
মুম্বইয়ের এনটোড ফার্মাসিউটিক্যালের আই ড্রপ প্রেসভু-র তৈরি এবং বিক্রির লাইসেন্স বাতিল করে দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া।
দেশের ওষুধপত্রের গুণমান যাচাই এবং বিক্রির বৈধতা নির্ধারণকারী সংস্থা প্রথমে এই আই ড্রপটিকে ছাড়পত্র দিয়েছিল। কিন্তু প্রস্তুতকারক সংস্থা এনটোড ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে চোখের ড্রপটির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ডিসিজিআই। এনটোড ফার্মাসিউটিক্যাল বিজ্ঞাপনে দাবি করেছিল, এই আই ড্রপ রিডিং গ্লাসের প্রয়োজনীয়তা দূর করবে। কোনও চশমা ছাড়াই কাছের দৃষ্টি পরিষ্কার করবে ড্রপ দেওয়ার ১৫ মিনিটের মধ্যে। ডিসিজিআই জানিয়েছে, প্রস্তুতকারীর সংস্থার এই দাবি একেবারেই ভুয়ো। প্রেসভু আই ড্রপের প্রধান উপাদান পাইলোকারপিন হাইড্রোক্লোরাউইড কোনও নতুন ড্রাগ নয়। বরং খুবই পরিচিত একটি রাসায়নিক উপাদান যার মূল্য নিয়ন্ত্রণ করে সরকার। ডিসিজিআই জানিয়েছে, ভুয়ো ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে প্রস্তুতকারী সংস্থার জবাব চাওয়া হলেও তারা সদুত্তর দিয়ে পারেনি। তাই প্রেসভু এই ড্রপ নিষিদ্ধ করা হয়েছে।
