
আপনি কি চান কোনো রোবটকে সঙ্গী করে দাবা খেলতে? অথবা একটি রোবোটিক পোষা কুকুরের সঙ্গ পেতে? কিংবা প্রয়াত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মতো দেখতে এমন কোনো রোবট চান কি, যা আপনাকে আপেক্ষিকতার তত্ত্ব শেখাতে পারে? এ ধরনের সব রোবটই এখন এক ছাদের নিচে পাওয়া যাবে।
চীনের বেইজিংয়ে এমনই একটি নতুন দোকান চালু হয়েছে। সেখান থেকে সাধারণ মানুষ কিনতে পারবেন মানুষের মতো দেখতে রোবট। উবটেক রোবোটিকস, ইউনিট্রি রোবোটিকস–সহ চীনের ৪০টির বেশি ব্র্যান্ডের শতাধিক রোবট এখানে পাওয়া যাবে। দোকানটির নাম দেওয়া হয়েছে রোবট মল।এই দোকান চীনের প্রথম কয়েকটি দোকানের একটি, যেখানে মানুষের মতো দেখতে এবং সাধারণ মানুষের কাজে ব্যবহারের উপযোগী রোবট বিক্রি হবে।কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং রোবোটিকসে নেতৃত্ব দিতে চীনের যে উচ্চাকাঙ্ক্ষা আছে,তারই প্রতিফলন ঘটেছে দোকানটিতে।নতুন দোকানে রোবটের সর্বনিম্ন দাম দু’ হাজার ইউয়ান অর্থাৎ প্রায় ২৭৮ ডলার।
১০ লাখ ইউয়ানের বেশি মূল্যের রোবটও আছে সেখানে।এদিকে চীন এখন রোবট তৈরিতে বেশি মনোযোগ দিচ্ছে। বয়স্ক মানুষের সংখ্যা বেশি হওয়া এবং অর্থনীতির ধীরগতিসংক্রান্ত সমস্যাগুলো মোকাবিলায় রোবট তৈরির ওপর জোর দিচ্ছে তারা। গত বছর দেশটি এ কাজে দু হাজার কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ করেছে।
