
লাদাখে চিনের মোকাবিলায় ভারতীয় সেনার হাতে জোড়া অস্ত্র তুলে দিতে উদ্যোগী হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। সেগুলি হল, দেশীয় প্রযুক্তিতে হালকা ট্যাঙ্ক জোরাবর এবং আমেরিকার থেকে আমদানি করা আর্মড পার্সোনেল ভেহিকল্ স্ট্রাইকার।
ডিআরডিও-র তৈরি জোরাবরের এক দফা পরীক্ষা ইতিমধ্যেই হয়েছে লাদাখের শীতল মরুভূমিতে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে সম্প্রতি সেই ট্যাঙ্কের প্রথম ছবি প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, পরীক্ষার ফল সন্তোষজনক। লাদাখের পাশাপাশি গুজরাটের হজিরায় এল অ্যান্ড টি হেভি ইঞ্জিনিয়ারিং-এর সহযোগিতায় হয়েছে ট্র্যাক ট্রায়াল। দুর্গম পাহাড়ি এলাকায় যাতায়াতে সক্ষম জোরাবর হাতে পেলে ভারতীয় সেনার পক্ষে এলএসি-তে চিনা আগ্রাসনের মোকাবিলা অনেক সহজ হবে বলে সামরিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন। অন্যদিকে, চার দশকের পুরনো রুশ বিএমপির বদলে স্ট্রাইকার সাঁজোয়া গাড়ি আমদানির উদ্যোগ গত বছর শুরু হয় বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর।








