
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। ভিজতে পারে দক্ষিণের অন্তত ন’টি জেলা।
তার মধ্যে চার জেলায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে। তবে ভারী বৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা আপাতত কোথাও নেই। সোমবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে হতে পারে বজ্রপাতও। মাঝেমাঝে ঝোড়ো হাওয়া বইবে শহরে। একই পূর্বাভাস রয়েছে, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়। এ ছাড়া আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জন্য।
এই জেলাগুলিতে সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। বাকি দিনগুলিতে আবহাওয়া থাকবে মূলত শুকনো। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




