কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

0
143

ঘূর্ণিঝড় দানার কারণে দক্ষিণবঙ্গের আকাশে জমা দুর‌্যোগের মেঘ কাটতেই আবহাওয়ার সামান্য উন্নতি হয়েছে। শুক্রবারের পর আর তেমন বৃষ্টি হয়নি। রোদ উঠেছে কলকাতার আকাশেও।

তবে আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েটি জেলায় বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে কালীপুজোতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভাবে ভিজতে পারে দুএকটি জায়গা। আগামী বৃহস্পতিবার কালীপুজো। সে দিনের জন্যেও একই পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের কোনও জেলাতে আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়া মোটের উপর মনোরম থাকবে বলেই জানানো হয়েছে। আগামী কয়েক দিন স্বাভাবিক থাকবে সমুদ্রের পরিস্থিতিও। মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি। উত্তরবঙ্গেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মূলত শুকনো থাকবে আবহাওয়া।

ছবি  সৌজন্যে : নিজস্ব