
উত্তরবঙ্গে আপাতত ভারী বষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার কলকাতা সহ দক্ষিণের ৯ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার সতর্কতা জারি হয়েছে। শনিবারও কয়েক জেলায় এই সতর্কতা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার বলেটিন প্রকাশ করে জানিয়েছে দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যা ক্রমশ দুর্বল হচ্ছে। পাশাপাশি দক্ষিণ ওড়িশার ওপর দিয়ে একটি অক্ষরেখাও গিয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আরও কয়েকদিন। শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা সহ ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও।
শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোয় আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ৮ জেলায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত।
