
জন্মাষ্টমীতে কলকাতা-সহ একাধিক জেলায় রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে। হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে ধীরে ধীরে পারদ চড়বে।
কলকাতায় তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দু-একটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে। এই দু’দিন দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গে শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। রবি ও সোমবার উত্তরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই দু’দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গের কালিম্পং ও সিকিমে ধস নামতে পারে।
