
আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত। অতি বিরল সেই মুহূর্ত বন্দি হয়েছে ক্যামেরায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে গিয়েছে সব। ওই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। ফ্রান্সের রাজধানী প্য়ারিসে প্রবল ঝড়বৃষ্টি চলছিল।
সেই সময়ই হঠাৎ আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত হয়। সেই মুহূর্তে অভূতপূর্ব আবহাওয়াজনিত দৃশ্যপট তৈরি হয়। স্থানীয় মানুষজন ওই ঘটনা চাক্ষুষ করেন, অনেকে আবার ক্যামেরায় বন্দি করেন সেই দৃশ্যপট।
যে ভিডিওটি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, আঁধার ঘনিয়ে এসেছে চারিদিকে। ঝড়-ঝঞ্ঝা চলছে তখনও। এদিক ওদিক খেলে বেড়াচ্ছে বিদ্যুতের রেখা। সেই সময়ই হঠাৎই সূক্ষ্ম, রুপোলি রেখার সৃষ্টি হয় আকাশে। সেই রেখা সোজা গিয়ে ছুঁয়ে ফেলে আইফেল টাওয়ারের মাথা। তবে বজ্রপাত সহ্য় করার ক্ষমতা রয়েছে আইফেল টাওয়ারের। সেভাবেই তৈরি করা হয়েছে সেটিকে।
