
চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ সামনে রেখে লিগ আঁ’র ম্যাচ এগিয়ে এনেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। প্রস্তুতির লক্ষ্যে পরিকল্পিত সেই ম্যাচেই হোঁচট খেল লুইস এনরিকের দল।
রেনের মাঠে ৩-১ গোলে হেরেছে পিএসজি। এই হারে শীর্ষস্থান হারানোর আশঙ্কায় প্যারিসের ক্লাবটি। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে দেম্বেলে বলেছেন, আমরা ম্যাচটা বাজেভাবে শুরু করেছি। ওরা খুব ভালো খেলেছে, কিন্তু মনে হয় আমাদের আরও বেশি লড়াইয়ের মানসিকতা দেখাতে হবে।সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাদের পিএসজির জন্য খেলতে হবে। যদি আমরা মাঠে আলাদা আলাদা ভাবে খেলি, তাহলে হবে না। আমরা যে ট্রফি গুলো চাই, তা জিততে পারব না। যোগ করেছেন দেম্বেলে।
গত সিজনের কথা মনে করিয়ে দিয়ে দেম্বেলে বলেছেন, গত বছর আমরা নিজেদের আগে ক্লাবকে রেখেছিলাম। আমাদের আবার সেটাই করতে হবে। এখন সিজনের দ্বিতীয় ভাগ চলছে। এখানে পিএসজিই আগে, কোনো ব্যক্তিগত খেলোয়াড় নয়।








