মেসি-জ্বরে কাঁপছে কলকাতা 

0
162
ছবি সৌজন্যে : নিজস্ব
ডিসেম্বরের হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করেই ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির জ্বরে কাঁপছে শহর কলকাতা। শনিবার রাতেই কলকাতায় মহা উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানানো হয়েছে আর্জেন্তাইন সুপারস্টার-কে।
তিনদিনে, চার শহরব্যাপী এই সফর মেসি-র। রাত ২.২৬ মিনিট নাগাদ কলকাতার মাটি স্পর্শ করেছেন ফুটবল কিংবদন্তি। তাঁর এই সফর ঘিরে এমনিতেই গত কয়েকদিন ধরে শহরে তুঙ্গে উন্মাদনা। বহু মানুষ হাতে পতাকা ও ফ্ল্যাশিং ফোন নিয়ে বিমানবন্দরের ৪ নম্বর গেটে ইন্টারন্যাশনাল অ্যারাইভেলে স্বাগত জানান মেসিকে। ব্যাপক নিরাপত্তাবেষ্টনীর মধ্যে মেসি যখন ভিআইপি গেট দিয়ে বেরোচ্ছেন তখন জোরে জোরে ড্রাম বাজাচ্ছেন ভক্তরা। ডিসেম্বরের এই ঠান্ডাতেও কোনও কোনও বাচ্চা অভিভাবকের কাঁধে চড়ে এরকম একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল। এরপর বিশাল কনভয় তাঁকে নিরাপত্তা দিয়ে হোটেলে নিয়ে যায়। সেখানেও বিশাল সংখ্যক জনতা তাঁর জন্য অপেক্ষা করছিল। ব্যারিকেড, প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন ও নাগাড়ে স্লোগানের মধ্যেই মধ্যরাতে মেসি-জ্বরে কাঁপল শহর। মেসির সঙ্গে রয়েছেন দীর্ঘ দিনের স্ট্রাইক পার্টনার লুই সুয়ারেজ ও আর্জেন্তিনার টিমমেট রডরিগো ডি পল। শনিবার সকাল থেকে নানা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। রয়েছে সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামের অনুষ্ঠান। গোট কনসার্ট। যেখানে একই মঞ্চে দেখা যাবে মেসি ও শাহরুখ খানকে। সঙ্গে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়দের। আমন্ত্রিত অভিষেক বন্দ্যোপাধ্যায়’ও।
কলকাতা ছাড়াও, পরবর্তী ৭২ ঘণ্টায় মেসি পৌঁছে যাবেন হায়দ্রাবাদ, মুম্বই ও দিল্লিতে। দেখা করবেন মুখ্যমন্ত্রী, কর্পোরেট নেতা, বলিউডের সেলেব্রিটি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।