
যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের জন্য ১০ দিন সময় চেয়েছে রাজ্য। বিকাশভবনে শিক্ষামন্ত্রী এবং এসএসসির চেয়ারম্যানের সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠকের পর জানিয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার বিকাশভবনে চাকরিহারাদের ১৩ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।
বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চাকরিহারা আন্দোলনকারীরা জানিয়েছেন তাঁদের সঙ্গে দুটো পার্টে আলোচনা হয়েছে। একটা তাঁদের দাবিগুলো নিয়ে। আরেকটা আইনি বিষয় নিয়ে। সেখানেই জানানো হয়েছে আদালতে সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করছে স্কুল সার্ভিস কমিশন। পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে। আইনি পরামর্শ নিয়ে ২১ তারিখের মধ্যে সেটা পাবলিশ করা হতে পারে। বৈঠকে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন মিরর ইমেজ এসএসসি-র কাছে নেই।
মিরর ইমেজ থাকলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। যেটা আছে সেটা সিবিআইয়ের কাছে আছে। পাশাপাশি বেতন চালু থাকবে কিনা আইনি পরামর্শ নেওয়া হবে। তবে স্যালারি পোর্টাল খোলা হয়েছে। বেতন সাবমিট হবে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন বেতন নিয়ে সুপ্রিম কোর্টের রায় মানা হবে।
