
বাঙালি প্রেমিকার গলা টিপে খুন ও তাঁর দেহ চাদরে মুড়ে দু’দিন ধরে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে লিভ-ইন পার্টনারের বিরুদ্ধে। ভোপালের গায়ত্রী নগরের ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছেন স্থানীয়রা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণী বছর ২৯-র ঋতিকা সেন।
একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। তাঁর সঙ্গী, অভিযুক্ত বছর ৩২-র শচিন রাজপুত দীর্ঘদিন ধরে কোনও কাজ পাচ্ছিলেন না। প্রেমিকাকে সন্দেহ করতেন প্রবল। তাঁর মনে হত, ঋতিকা অফিসের বসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সেই নিয়েই ২৭ জুন রাতে শুরু হয় প্রবল ঝগড়া। রাগের বশে ঋতিকার গলা টিপে খুন করেন শচিন। খুনের পর চাদরে মুড়ে দেহ রেখে দেন বিছানায়। দু’দিন ধরে সেই মৃতদেহের সঙ্গে থাকেন তিনি। একই খাটে বসে মদ্যপান করতে থাকেন ও ধীরে ধীরে মানসিকভাবে আরও ভেঙে পড়েন।
অবশেষে রবিবার, মদের নেশায় সব কথা এক বন্ধুকে গিয়ে বলেন শচিন। সোমবার বিকেল ৫টা নাগাদ বাজারিয়া থানার পুলিশ ওই বাড়িতে পৌঁছে বিছানার উপর খেকে চাদরে মোড়া মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খুনের অভিযোগে শচিনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
