
ওয়াকফ ইসলামিক ধারণা, কিন্তু তা ইসলামের গুরুত্বপূর্ণ অংশ নয়। সুপ্রিম কোর্টকে এ কথাই সাফ জানিয়েছে কেন্দ্র।
ওয়াকফ সংশোধনী আইন নিয়েই শীর্ষ আদালতে মামলা চলছিল। সেই মামলার শুনানিতেই সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন, ওয়াকফ ইসলামিক ধারণা, তা নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু সেটা ইসলামের গুরুত্বপূর্ণ অংশ নয়। ওয়াকফ মৌলিক অধিকার নয়। এ দিন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন যে সরকার ১৪০ কোটি নাগরিকের সম্পত্তির অভিভাবক। রাজ্যের দায়িত্ব যে জনগণের সম্পত্তি যেন বেআইনিভাবে হস্তান্তরিত না হয়ে যায়। তিনি বলেছেন, একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে তাদের প্রমাণ দেখাতে হবে নাহলে ওয়াকফের সম্পত্তি দখল করে নেওয়া হবে।ওয়াকফ বোর্ডে অ-মুসলিম সদস্যদের অন্তর্ভুক্ত করার প্রসঙ্গে সলিসিটর জেনারেল মেহতা বলেছেন, ওয়াকফ সেবামূলক কাজকর্মের জন্য, ওয়াকফ বোর্ড শুধু ধর্মনিরপেক্ষতার কাজ করে। দুজন অ-মুসলিম সদস্য থাকলে, কী পরিবর্তন হবে? কোনও ধর্মীয় কাজে তো হস্তক্ষেপ করছে না। এর আগেও তুষার মেহতা বলেছিলেন, কয়েকজন পিটিশনকারী গোটা মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। ৯৬ লাখ চিঠি পাওয়া গিয়েছিল। জেপিসির ৩৬টি বৈঠক হয়েছে। জেপিসি বারবা আলোচনা করেছে, বিভিন্ন মুসলিম প্রতিষ্ঠান থেকে মতামত সংগ্রহ করেছে। এরপর বিরাট রিপোর্ট জমা পড়েছে, যেখানে বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়েছে বা খারিজ করা হয়েছে।
সংসদে আলোচনার পর এই বিল পাশ হয়েছে। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি রয়েছে।





