
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে তিনি এর সঙ্গে একটি শর্ত জুড়ে দিয়েছেন,তিনি শুধু বৈধ সরকারের অধীনে দেশে ফিরতে চান।
আন্তর্জার্তিক সংবাদ সংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা তার দেশে ফেরা প্রসঙ্গে এমন তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, বর্তমানে শেখ হাসিনার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম দেশে নিষিদ্ধ। জুলাইয়ের অভ্যুত্থান, সহিংস দমন-পীড়ন এবং আওয়ামী লীগ সরকারের সময় গুমসহ একাধিক অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে।ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ বা প্রচার নিষিদ্ধ করেছে। ওদিকে ই-মেইলে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে দেশে ফিরবেন না বলে জানিয়েছেন শেখ হাসিনা। আপাতত ভারতে থাকার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।বাংলাদেশে ফেরা প্রসঙ্গে তিনি আন্তর্জার্তিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তিনি দেশে ফিরতে চান।তবে তার শর্ত একটাই—বাংলাদেশে বৈধ সরকার থাকলেই দেশে ফিরবেন তিনি। একই সঙ্গে প্রকৃত আইন-শৃঙ্খলা বজায় থাকতে হবে। অন্যদিকে বর্তমানে আওয়ামী লীগসহ তার অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ আছে।
আন্তর্জার্তিক সংবাদ সংস্থা রয়টার্সের ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন বলে জানিয়েছেন।ওদিকে লন্ডনের ইন্ডিপেন্ডেন্টকে আলাদাভাবে দেওয়া সাক্ষাৎকারে তিনি গত বছর গণ-অভ্যুত্থানের সময় নিহতদের বিষয়ে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন।
