
শালিমার স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়েছে একটি লোকাল ট্রেন। সাঁতরাগাছি থেকে শালিমার যাওয়ার সময় তিন নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত হয় ওই ট্রেনের একটি কামরা।
তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে তিন নম্বর প্ল্যাটফর্ম আপাতত বন্ধ। সেই সংলগ্ন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে না। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না। ফলে কেউ হতাহত হননি। তিন নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত কামরাটি ঘষতে ঘষতে যায়। তার ফলে প্ল্যাটফর্মের কিছুটা অংশ ভেঙে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
ইতিমধ্যে লাইনচ্যুত কামরাটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন রেলের ইঞ্জিনিয়ারেরা। কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
