
প্রকাশ্যে মদ খাওয়া, গালিগালাজের প্রতিবাদ করায় যুবককে খুনের অভিযোগ ঘিরে ধুন্ধুমার জয়নগর। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন জয়নগরের বকুলতলা এলাকার মানুষজন।
১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারের দাবি এবং এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বন্ধের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। জানা গিয়েছে বকুলতলার বুইচবাটির বেলেচণ্ডী এলাকায় রবিবার প্রকাশ্যে মদ্যপাদের প্রতিবাদ করেছিলেন সায়েম খান সহ স্থানীয় কয়েকজন যুবক। অভিযোগ পুলিশের সামনেই হুমকি দেয় দুষ্কৃতীরা। অভিযোগ পরদিন সোমবার সইদুল্লা গাজি সহ তার দলবল এরপরেই ইউসুফ, সায়েমদের ওপর হামলা চালায়। ঘটনায় ৫ জন জখম হন। পরে হাসপাতালে মৃত্যু হয় বছর ৩০-র সায়েম খানের। ঘটনার পরেই ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ মোক্তার শেখ এবং কুতুবউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে। তারও পরেই ওই এলাকায় দুষ্কৃতীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এরই প্রতিবাদে বুধবার জয়নগর-কুলতলি রোডে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে আশ্বাস দিতে অবরোধ ওঠে।







