
দেশে ফের লকডাউন জারি হতে পারে,এই জল্পনাকে একেবারে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকার এমন কোনও প্রস্তাব বিবেচনাই করছে না।
একইসঙ্গে তিনি সতর্ক করেছেন, এই ধরনের গুজব ছড়ানো বর্তমান পরিস্থিতিতে দায়িত্বজ্ঞানহীন এবং জনমনে অযথা আতঙ্ক তৈরি করতে পারে। উল্লেখ্য,ইরান-আমেরিকা সংঘাতের জেরে আন্তর্জাতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। জ্বালানি সরবরাহ, বিশ্বজুড়ে বাণিজ্য এবং জরুরি পণ্যের প্রাপ্যতা নিয়ে উদ্বেগ তৈরি হলেও, কেন্দ্রের আশ্বাস,ভারত পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর কথায়, জ্বালানি, শক্তি এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে সম্প্রতি পেট্রোল ও ডিজেলের উপর শুল্ক কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের উপর চাপ কিছুটা কমানো যায়। এরপরেই সামাজিক মাধ্যমে লকডাউন নিয়ে জল্পনা আরও ছড়াতে শুরু করে।
অন্যদিকে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদে দেওয়া সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করেই বিভ্রান্তি তৈরি হয়। অনেকেই মনে করেন, তিনি হয়তো আসন্ন কোনও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। কিন্তু বাস্তবে তিনি করোনা অতিমারির সময় দেশের ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রসঙ্গ তুলেছিলেন এবং বর্তমান পরিস্থিতিতে একইভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছিলেন। তাঁর বক্তব্যে কোথাও লকডাউন শব্দটির উল্লেখই ছিল না।
