
পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় সংশোধন হোক, আপত্তি নেই। কিন্তু তার আগে লোকসভা ও কেন্দ্রের সরকারও ভেঙে দেওয়া হোক। তার পর গোটা দেশে এক সঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করা হোক। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তাঁর বক্তব্য, মাত্র এক বছর আগে লোকসভা ভোটের সময়ে এই ভোটার তালিকাতেই ভোট হয়েছে। তখন ভোটার তালিকা ঠিক ছিল। আর এখন ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকে গেল? তার মানে যে ভোটার তালিকার উপর ভোট করে নরেন্দ্র মোদী জিতে প্রধানমন্ত্রী হলেন, সরকার বানালেন, অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রী হলেন, সেটা ঠিক। তার পর পশ্চিমবঙ্গে ভোট আসতেই সেই তালিকা নিয়ে প্রশ্ন উঠে গেল? অভিষেকের কথায়, এই ভোটার তালিকা যদি ভুলে ভরা থাকে, তাহলে নরেন্দ্র মোদীর নির্বাচনও বৈধ নয়, কেন্দ্রের সরকারও বৈধ নয়। তাই স্পেশাল ইনটেনসিভ রিভিশন যদি করতেই হয়, তবে আগে লোকসভা ভেঙে দেওয়া হোক।
তারপর গোটা দেশে নিবিড় সংশোধন হোক ভোটার তালিকায়। এতে কোনও অসুবিধা নেই। কিন্তু পশ্চিমবঙ্গে ভোটার তালিকা ভুল আর গুজরাটের ঠিক, বিহারের ভোটার তালিকা ভুল উত্তরপ্রদেশের ঠিক—এটা চলবে না।





