
রাজ্য বাজেট বহির্ভূত কোনও প্রকল্পে কাজ না করার জন্য ঠিকাদারদের কাছে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে রীতিমত তথ্যপ্রমাণ দিয়ে তিনি দাবি করেছেন দু’বছর ধরে গ্রামাঞ্চলে বিভিন্ন তথাকথিত উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত ঠিকাদাররা ২ বছর পরেও পেমেন্ট পাচ্ছেন না।
একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন ভোটের আগে ঠিকাদারদের কাছ থেকে কমিশন নিয়ে ১৪শ কোটি টাকা নির্বাচনী তহবিল তুলছে তৃণমূল কংগ্রেস। যার সবটা হচ্ছে কালীঘাট ও ক্যামাক স্ট্রিটের নির্দেশে। শুভেন্দু অধিকারী বলেছেন পথশ্রী প্রকল্পের নামে লুঠ চলছে রাজ্যে। ১০০ দিনের কাজের ঠিকাদারদের দিয়েও অন্যায় করানো হচ্ছে। তাঁর দাবি নির্বাচনের বৈতরণী পার করতে রাজ্য সরকার ৯ হাজার ১১৪টি স্কিমের টেন্ডারের সিদ্ধান্ত নিয়েছে।
তবে হাজার হাজার কোটি টাকার কাটমানি ঠিকাদারদের থেকে নেওয়া হচ্ছে না। রীতিমত ব্রোকারদের ছবি প্রকাশ করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে টাকা তোলা হচ্ছে তার ৪ শতাংশ টাকা তহবিলের নামে নেওয়া হচ্ছে।
