
ভয়াবহ দাবানলে জ্বলছে আমেরিকার লস অ্যাঞ্জেলসের পাহাড়ি অঞ্চল। আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে বহু বাড়ি। আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী। রাস্তায় থমকে গাড়ির সারি।
ইতিমধ্যে ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর গ্যাভিন নিউসম।জানা গিয়েছে, সান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী অন্তত ১ হাজার ২৬২ একর জমিতে আগুন জ্বলছে। শুকনো আবহাওয়ায় প্রবল হাওয়ার ফলে দ্রুত আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে বাড়ছে উদ্বেগ। কয়েক ঘণ্টার মধ্যেই বহু অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। হাওয়ার গতি আরও বাড়ার আশঙ্কায় অনেকেই এলাকা ছেড়ে পালাচ্ছেন। আগুনের কবলে বহু বাড়ি। এমনকী গাড়িও। দাউদাউ জ্বলতে থাকা বাড়ি ও গাড়ির বহু ভিডিও ভাইরাল হয়েছে। তবু এই পরিস্থিতিতেও কোনও হতাহতের খবর না মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে প্রশাসন। ওই প্রদেশের অগ্নি বিষয়ক প্রধান ক্রিস্টিন ক্রাউলে বলেছেন, এই বিষয়টা তাদের স্বস্তি দিচ্ছে যে কেউ হতাহত হননি।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আকাশ থেকে বিমানে সমুদ্রের জল ছিটিয়ে আগুনের শিখা নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।
বুলডোজারের সাহায্যে পরিত্যক্ত গাড়িগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।জানা গিয়েছে, ১০ হাজার বাড়ি এবং ২৫ হাজার মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। বহু মানুষকেই পায়ে হেঁটেই এলাকা ছেড়ে পালাতে দেখা গিয়েছে।
