নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলসের আগুন, মৃত্যু বাড়ছে

0
127
ছবি সৌজন্যে : এক্স
পাঁচ দিনেরও বেশী সময় পেড়িয়েও নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলসের আগুন। আগুনের কবলে ক্রমাগত মৃত্যুর সংখ্যা বাড়ছে। হাওয়ার গতিবেগ বেশ থাকায় আগুন হু হু করে ছড়িয়ে পড়ছে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ৪০ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে গিয়েছে। আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত ১২ হাজারের বেশি বাড়ি। ভিটেমাটি ছাড়া হয়েছেন এক লক্ষেরও বেশি মানুষ। কয়েকটি জায়গায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও আরও ছ’টি জায়গায় আগুন জ্বলছে। তার মধ্যে রয়েছে পালিসেডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট এবং আর্চার। পালিসেডে আরও ১ হাজার একরে নতুন করে দাবানলের আগুন ছড়িয়েছে। সেখানে ২২ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে গিয়েছে। গত পাঁচ দিনের অগ্নিকাণ্ডে লস অ্যাঞ্জেলেসের বাতাস ভারী হয়ে উঠেছে। দূষণ মাত্রা ছাড়িয়েছে। খারাপ বাতাসের জন্য স্কুল-কলেজগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। আমেরিকার জাতীয় আবহাওয়া দফতর আগামী সপ্তাহের জন্যেও লস অ্যাঞ্জেলেস ও সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের সতর্কতা জারি করেছে। পালিসেড প্রশাসন জানিয়েছে, ১১ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে হাওয়া চলতে থাকায় অন্য এলাকায় দাবানল ছড়াচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, দেড় লক্ষেরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরানো হয়েছে। ৫৭ হাজারের বেশি নির্মাণ বিপদের মধ্যে রয়েছে। পরিস্থিতি সামাল দিতে কানাডা এবং মেক্সিকো থেকে দমকল এবং আগুন নিয়ন্ত্রণের নানা সরঞ্জাম আনা হচ্ছে।