
ব্যর্থতা যেন আরও আষ্টেপৃষ্ঠে চেপে ধরছে ম্যানচেস্টার সিটিকে। ভিলা পার্কে লিগ ম্যাচটি ২-১ গোলে জিতেছে অ্যাস্টন ভিলা। জন দুরানের গোলে ভিলা শুরুতে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মর্গ্যান রজার্স।
শেষ দিকে ব্যবধান কমান ফিল ফোডেন।ভিলার মাঠে এই নিয়ে টানা তিনটি লিগ ম্যাচে জিততে ব্যর্থ হলো সিটি। এখানে ২০২২ সালে ১-১ ড্রয়ের পর গত ডিসেম্বরে গুয়ার্দিওলার দল হেরেছিল ১-০ গোলে।দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে দুই ধাপ এগিয়েছে ভিলা। মাঝমাঠ থেকে আক্রমণভাগে সমন্বয় হচ্ছে না ঠিকঠাক, আর রক্ষণে তো বেহাল দশা- সিটির সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের চিত্র এমনই। ভিলার বিপক্ষে নেমে ২০ সেকেন্ডেই যেমন গোল খেতে বসেছিল তারা। ডিফেন্ডার ইয়োশকো ভার্দিওলের ভুলের সুযোগে দুরানের নেওয়া শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক স্টেফান ওর্টেগা।প্রথম ১০ মিনিটে ভিলা গোলের জন্য আরও দুটি শট নেয়। ষোড়শ মিনিটে পঞ্চম শটে কাঙ্ক্ষিত গোলও পেয়ে যায় তারা।গোলটিতে নড়বড়ে সিটির রক্ষণের ভঙ্গুর দশা ফুটে ওঠে। গোলরক্ষকের বাড়ানো বল মাঝমাঠে পেয়ে ইউরি টিয়েলেমান্স দারুণ পাসে মর্গ্যান রজার্সকে খুঁজে নেন। মর্গ্যান নিজেই শট নিতে পারতেন, তবে ইংলিশ ফরোয়ার্ড বক্সে ডান দিকে পাস দেন দুরানকে। বল পেয়ে জোরাল শটে দলকে এগিয়ে দেন কলম্বিয়ার ফরোয়ার্ড দুরান।৩৫ মিনিটে প্রথম পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারে সিটি। তবে ফিল ফোডেনের সেই প্রচেষ্টা ঝাঁপিয়ে রুখে দেন এমিলিয়ানো মার্তিনেস।বিরতির পরও ৬০ মিনিটে ভাগ্যের জোরে দ্বিতীয় গোল হজম করা থেকে বেঁচে যায় চ্যাম্পিয়নরা, রজার্সের শট পোস্টে বাধা পায়। তবে প্রতিপক্ষকে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি তারা।
পাঁচ মিনিট পর ২২ বছর বয়সী ফরোয়ার্ড বক্সে সতীর্থের পাস পেয়ে কোনাকুনি শটে ওর্টেগাকে পরাস্ত করেন।চার মিনিট অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ফোডেনের গোলে ক্ষণিকের জন্য খেলায় প্রাণ ফেরে। তবে নতুন কোনো নাটকীয়তা আর জাগাতে পারেনি ম্যানচেস্টার সিটি।









