
অঙ্গ এবং কলিঙ্গ জয় আগেই হয়ে গিয়েছে। মাঝখানে বাকি ছিল বঙ্গ।
পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে লিখেছেন পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! ভোটমুখী পশ্চিমবঙ্গে একের পর এক সভা করেছেন প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। প্রধানমন্ত্রীর লব্জে বার বার উঠে এসেছে, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারংবার অনুপ্রবেশকারী সমস্যাকে ইস্যু করেছেন। সোমবার ভোটের ফলাফল পরিষ্কার হতেই নরেন্দ্র মোদী লিখেছেন, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। তিনি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদী আরও লিখেছেন, জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছেন এবং তিনি তাঁদের আশ্বাস দিচ্ছেন যে, বিজেপি পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সমস্ত কিছু করবে। এমন একটি সরকার গঠন হবে যা, সমাজের সকল স্তরের মানুষের সুযোগ এবং মর্যাদা নিশ্চিত করবে।
বস্তুত, এর আগে নরেন্দ্র মোদী এর আগে বারংবার পশ্চিমবঙ্গের জনসভায় এসে বলেছেন ৪ মে-র পরে আবার বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানে আসতে হবে। আর পশ্চিমবঙ্গের ভোটের ফলাফলের পর সেই কথাই কার্যত মিলে গেল।





