
আসন্ন বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্র।ভোটের প্রচারও শুরু করে দিয়েছেন তিনি। এরই মধ্যে অভিনেত্রীকে দেখা যাচ্ছে চিরসখা ধারাবাহিকে।
তাঁর অভিনীত মিটিল চরিত্রটিও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। এরই মধ্যে লাভলি বিভিন্ন জায়গায় আভাস দিয়েছেন, আর হয়তো এই চরিত্রে তাঁকে দেখা যাবে না। গল্পে, কমলিনীর ছোট ছেলে বাবিলের বৌয়ের চরিত্রে দেখানো হয়েছে মিটিলকে। এই মুহূর্তে গল্প যদিও মোড় নিয়েছে কমলিনীর মেয়ের জীবনকে কেন্দ্র করে। এখন প্রশ্ন উঠছে, তা হলে কি আপাতত দেখানো হবে না মিটিল চরিত্রটিকে? নাকি পরিবর্তে আসবেন নতুন কোনও শিল্পী? এ প্রসঙ্গে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তিনি এ ভাবে কিছুই ভাবেননি।লীনা বলেছেন, তাঁকে লাভলি আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানায়নি। তাই তিনি কিছু জানেন না। যদি জানতে পারেন সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ নির্বাচনের প্রচারের জন্যই যে অভিনেত্রী ধারাবাহিকে অভিনয় করবেন না, এমন কোনও বার্তা নেই প্রযোজনা সংস্থার কাছে। চ্যানেল কর্তৃপক্ষের তরফেও সেই বিষয়ে কিছু জানানো হয়নি। তাই আপাতত লেখিকা যে ভাবে নিজের গল্প সাজাচ্ছিলেন,গল্প সেই গতিতেই এগোবে।
তবে আপাতত, গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে মিঠি। সেই কাহিনিই অন্য দিকে মোড় নেবে কিনা তা এখনও জানা যায়নি।
