
সোমবার থেকে সপ্তাহজুড়ে দক্ষিনবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে সতর্কতা জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার ২৫ মে থেকে মঙ্গলবার দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দুই বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
বইবে ঝোড়ো হাওয়াও। এরমধ্যে সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এর জেরে ২৮ মে বুধবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৯ তারিখ কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৩০ তারিখ শনিবার পশ্চিমের জেলাগুলোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাসের শেষদিনে পশ্চিমের জেলাগুলোয় বৃষ্টির পরিমাণ কমলেও দক্ষিণের অন্যান্য জেলায় ভারী বর্ষণের সতর্কতা থাকছে। আগামী সপ্তাহে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
অন্যদিকে ২৫ থেকে ২৮ মে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা হয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার বৃষ্টি বাড়বে উত্তরের ৫ জেলায়। ৩১ মে দার্জিলিং, কালিম্পংয়ে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে।




