
এলপিজি ঘাটতির মাঝেই বড় স্বস্তি,এবার গ্যাস পেতে আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা নয়। গুরুগ্রামে চালু হল উত্তর ভারতের প্রথম এলপিজি গ্যাস এটিএম। মাত্র ২-৩ মিনিটেই মিলবে ভর্তি সিলিন্ডার।
পাইলট প্রজেক্ট হিসেবে এই স্মার্ট ভেন্ডিং মেশিন বসিয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ।শহরের সেন্ট্রাল পার্ক ফ্লাওয়ার ভ্যালি , সেক্টর ২২, সোহনা এলাকায় এই মেশিন বসানো হয়েছে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও কন্ট্যাক্টলেস এই ব্যবস্থায় গ্রাহককে প্রথমে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর ( দিয়ে লগইন করতে হবে। তারপর ওটিপি ভেরিফিকেশন, কিউআর কোড স্ক্যান করে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করলেই মিলবে ভর্তি গ্যাস সিলিন্ডার। একইসঙ্গে খালি সিলিন্ডারটি মেশিনের ভিতরে জমা হয়ে যাবে।এই এটিএমের আরেকটি বড় বৈশিষ্ট্য,এখানে ব্যবহৃত সিলিন্ডারগুলি প্রচলিত লোহার নয়। এগুলি ফাইবারের তৈরি কম্পোজিট সিলিন্ডার , যা অনেক হালকা, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং মরচে-প্রতিরোধী।
যেখানে সাধারণ সিলিন্ডারের ওজন প্রায় ৩১ কেজি, সেখানে এই নতুন সিলিন্ডারের ওজন মাত্র ১৫ কেজি। ফলে বহন করাও অনেক সহজ। উপরন্তু, স্বচ্ছ ডিজাইনের কারণে ভিতরে কতটা গ্যাস আছে, সেটাও চোখে দেখা যায়।২৪ ঘণ্টা খোলা থাকার সুবিধাই এই ব্যবস্থার সবচেয়ে বড় আকর্ষণ।





