
ইউনেস্কো স্বীকৃত বাহারি স্বাদের শহরে’র তালিকায় এ বার জায়গা করে নিয়েছে উত্তরপ্রদেশের লখনউ। সম্প্রতি বিশ্বের ৫৮টি শহরকে সৃজনশীল শহর-এর তালিকায় যুক্ত করেছে ইউনেস্কো। এর মধ্যে রয়েছে লখনউও। বাহারি স্বাদের দিক থেকে সৃজনশীল শহর-র তালিকায় জায়গা পেয়েছে নবাবের শহর লখনউ।
৩০ অক্টোবর ওই তালিকা প্রকাশ করেছে ইউনেস্কো। এই নিয়ে বিশ্বের ১০০টিরও বেশি দেশের ৪০৮টি শহর ইউনেস্কোর সৃজনশীল শহর-র তকমা পেল। ইউনেস্কোয় ভারতের স্থায়ী প্রতিনিধিদলের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, ভারতের জন্য এটি একটি গর্বের মুহূর্ত। লখউনয়ের রান্নার ঐতিহ্য গোটা বিশ্বে স্বীকৃতি পেল। এর আগে হায়দরাবাদকে বাহারি স্বাদের শহর হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।
এ বার সেই তালিকায় জুড়ল লখনউও। লখনউয়ের এই নতুন স্বীকৃতির পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি লিখেছেন, লখনউ মানে এক প্রাণবন্ত সংস্কৃতি, যার সঙ্গে জুড়ে রয়েছে রন্ধন-সংক্রান্ত এক দুর্দান্ত সংস্কৃতি।
