
গোয়ার অগ্নিকাণ্ডের ঘটনার পাঁচদিন পর অবশেষে গ্রেফতার লুথরা ব্রাদার্স। সূত্রের খবর, থাইল্যান্ড থেকে আটক করা হয়েছে তাদের। আপাতত থাইল্যান্ড প্রশাসনের হেফাজতে রয়েছেন তারা।
মঙ্গলবার সৌরভ লুথরা ও গৌরব লুথরা দুইভাইয়ের বিরুদ্ধে ব্লু কর্ণার নোটিশ জারি করে ইন্টারপোল। বুধবার লুথরাদের পাসপোর্ট বাতিল করে দেয় বিদেশ মন্ত্রক। বুধবার তার আইনজীবী দাবি করেন যে, রক্ষাকবচ পেলে তবেই দেশে ফিরবে তারা। বৃহস্পতিবার আগাম জামিনের শুনানির আগেই পুলিশের জালে দুই ভাই। হাতকড়া পড়া অবস্থায় দুই ভাইয়ের ছবি প্রকাশ্যে এসেছে।
গোয়ার জনপ্রিয় নৈশক্লাবে পার্টি চলাকালীন সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে। ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগ তুলে তোলপাড় গোটা দেশ। অজ্ঞাতবাস থেকে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করেছিলেন নৈশক্লাবটির মালিক। জানা গিয়েছে, মাত্র দুটি প্রবেশপথ ছিল নৈশক্লাবটিতে। আগুন থেকে বাঁচতে পালানো সম্ভব ছিল না।








