‘জেন-জি’ বিক্ষোভে মাদাগাস্কারের সরকার পতন

0
140
ছবি সৌজন্যে : এক্স

মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা টানা কয়েক দিনের প্রাণঘাতী বিক্ষোভের পর তার সরকারকে বরখাস্ত করেছেন। সোশ্যাল মিডিয়ায় সংগঠিত জেন-জি আন্দোলনের ডাকে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ ও জলের সংকটের প্রতিবাদে মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।

পুলিশের টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহারে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।রাষ্ট্রসংঘ জানিয়েছে, এ সহিংসতায় ২২ জন নিহত ও ১০০-র বেশি আহত হয়েছেন। তবে সরকার এ হিসাবকে গুজব নির্ভর বলে প্রত্যাখ্যান করেছে।এর মধ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা বলেছেন,তিনি প্রধানমন্ত্রী ও সরকারের দায়িত্ব সমাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন সরকার গঠনের আগে বর্তমান মন্ত্রীরা অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।তিনি জানিয়েছেন, আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে।

এর আগে তিনি জ্বালানি সংকট মোকাবেলায় ব্যর্থ হওয়ায় জ্বালানিমন্ত্রীকে বরখাস্ত করেছিলেন।অন্যদিকে,আন্তানানারিভোতে কালো পোশাক পরে হাজারো মানুষ মিছিল করে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে স্লোগান তোলে,আমরা বাঁচতে চাই, টিকে থাকতে নয়। বিক্ষোভ চলাকালে একজন বিরোধী এমপিকে পুলিশ আটক করে, যা নতুন করে উত্তেজনা ছড়ায়।