
পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন মদন মিত্রর বড় ছেলে স্বরূপ মিত্র। বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ের মধ্যেই ইডি-র তলবে ব্যাঙ্কের নথি নিয়ে হাজিরা হয়েছেন মদন-র বড় ছেলে স্বরূপ মিত্র।
সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে কোনও জবাব দেননি তিনি। পুরনিয়োগ মামলার তদন্তে স্বরূপের পাশাপাশি মদন মিত্রর স্ত্রী অর্চনা মিত্রকে’ও তলব করেছে ইডি। বুধবারই ইডি-তে হাজিরা দেন মদন মিত্রর ছোট ছেলে শুভরূপ। প্রায় ৯ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বের হন তিনি। বের হওয়ার পর ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি শুভরূপ মিত্র। আগামী ২৯ জুলাই এই মামলার সূত্রেই তলব করা হয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন-কে। ইডির দাবি, নগদ অর্থ কিংবা সোনাদানার বিনিময়ে টিটাগড়় পুরসভায় চাকরি পেয়েছিলেন অন্তত ১২৫ জন।
এই সূত্রেই মদনের নাম উঠে আসে। ১৩ জুন তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি। মদনকে জিজ্ঞাসাবাদও করা হয়। তার পরেই তাঁর দুই পুত্র এবং স্ত্রীকে তলব করে ইডি।
