
চার মাসের মধ্যে সিএসটিসি পিএফ কাণ্ডে অর্থ দফতর এবং পরিবহণ দফতরকে একযোগে অবসরকালীন সুবিধা সংক্রান্ত বকেয়ার নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। ওই মামলায় আদালতের নির্দেশে বৃহস্পতিবার হাজিরা দিতে হয়েছে পরিবহণ দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী তথা বর্তমান চেয়ারম্যান মদন মিত্রকে।
সঙ্গী ছিলেন রাজ্যের অর্থসচিব প্রভাত মিশ্র, সিএসটিসি-র চিফ ম্যানেজিং ডিরেক্টর সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় সাফ জানিয়ে দেন, প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত গুরুতর অভিযোগ রয়েছে, সে কারণেই হাজিরা চাওয়া হয়েছে। কর্মীরা কেউ মেয়ের বিয়ের জন্য, কেউ স্ত্রীর চিকিৎসার জন্য টাকার আশায় বসে আছেন। এটা কোনও খেলা নয়। মাসিক বেতন থেকে এই টাকা কেটে নেওয়া হয় ভবিষ্যতের জন্য। অথচ বহু অবসরপ্রাপ্ত কর্মী এখন বঞ্চিত। এদিন অর্থসচিব আদালতে জানিয়েছেন, ট্রান্সপোর্ট দফতরকে টাকা দিয়ে দেওয়া হয়েছে।
চিঠি লেখার পরেও কোনও সাড়া মেলেনি। জবাবে বিচারপতির কড়া বার্তা, অর্থসচিবকেই ব্যবস্থা নিতে হবে।




