
সাধারণত বলা হয় শুটিং লোকশন উত্তরপ্রদেশ হলেই নাকি আতঙ্কে ভোগেন বলিউডের নায়িকারা। কখনও রাজনৈতিক অস্থিরতা, কখনও গ্যাংস্টার দৌড়াত্ম্য কিংবা অহর্নিশি গোলাগুলি কাণ্ড, এযাবৎকাল এহেন একাধিক কারণে সংবাদের শিরোনামে উত্তরপ্রদেশ।
সেকারণেই নাকি শুটিংয়ের জন্য উত্তরপ্রদেশকে নিরাপদ বলে মনে করেন না অভিনেত্রীরা । সম্প্রতি এমন বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন খোদ গোরক্ষপুরের সাংসদ তথা ভোজপুরী মেগাস্টার রবি কিষেণ। কিন্তু দিন কয়েক আগে নায়িকাদের ত্রাস এই উত্তরপ্রদেশেই শুটিং করতে গিয়েছিলেন মাধুরী দীক্ষিত। ওদিকে সম্প্রতি উত্তরপ্রদেশের এক সমাবেশে বিজেপি সাংসদ হিসেবে বক্তৃতা দিতে গিয়েছিলেন রবি কিষেণ। যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।সেখানেই রাজ্যের নারী নিরাপত্তার কথা বলতে গিয়ে নায়িকাদের উত্তরপ্রদেশ আতঙ্কের প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। নেতা-অভিনেতা জানান, একসময়ে নায়িকারা উত্তরপ্রদেশ নাম শুনলেই বলতেন, উত্তরপ্রদেশে তো গুলি চলে। ওখানে কখনও যাইনি। শুটিং করতেও যাব না। কিন্তু এই উত্তরপ্রদেশেই সম্প্রতি মাধুরী দীক্ষিত এসে শুটিং করে গিয়েছেন। আর শুধু শুটিংই করেননি, তিন দিন থেকে নিরাপদে মুম্বইতেও ফিরে গিয়েছেন। এরপরই স্বভঙ্গিতে বক্তৃতায় কমিক টাচ দিতে ভোলেননি সাংসদ তথা ভোজপুরী মেগাস্টার। রবি কিষেণের সংযোজন, এখানকার কত লোক তো চুলে ডাই লাগিয়ে মাধুরীর সঙ্গে দেখাও করতে এসেছিলেন। যাদের মধ্যে কয়েকজনের চুল থেকে ডাই চুইয়েও পড়ছিল সেসময়ে।
আসলে রবি কিষেণ এবং মাধুরী দীক্ষিত নেটফ্লিক্সের একটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। তুমহারি সুলু খ্যাত সুরেশ ত্রিবেণী পরিচালিত মা বেহেন ছবিতে ভোজপুরী স্টারের সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেত্রীকে। ডার্ক কমেডি ঘরানার এই ছবিতে তৃপ্তি দিমরি এবং ধরণা দুর্গাদের মতো অভিনেত্রীরাও রয়েছেন।









