
কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে রাজ্যজুড়ে মাধ্যমিক ও মাদ্রাসার পরীক্ষা। এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। এর মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ পুরুষ ও ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ মহিলা পরীক্ষার্থী রয়েছে।
মোট ২ হাজার ৬৮৩ কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এদিকে, হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল মিলিয়ে এ বার পরীক্ষার্থীর সংখ্যা ৬৫ হাজার ১০০। ২০টি জেলার ২০৬টি পরীক্ষা কেন্দ্রে এই তিন পরীক্ষা হবে। পরীক্ষাকেন্দ্রে ছাত্র-ছাত্রীদের ঢুকতে দেওয়া হয়েছে সকাল সাড়ে দশটা থেকেই। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় প্রতিটি কেন্দ্রেই আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রথমবার প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি নজরদারি, কেন্দ্রের ভিতরে পুলিশি প্রহরা, কেন্দ্রীয়ভাবে সব পরীক্ষাকেন্দ্রে নজরদারি চালাতে নয়া অ্যাপ-থাকছে এরকমই নানা ব্যবস্থা।
কোনওভাবেই পরীক্ষা শুরুর আগে বা পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের কোনও ছবি পরীক্ষাকেন্দ্রের না বেরিয়ে আসে, তা নিশ্চিত করতে একাধিক সতর্কতা অবলম্বন করা হয়েছে।
