
লিভ-ইন সম্পর্কে থাকা মহিলাদেরও কিছু আইনি সুরক্ষা পাওয়া উচিত। জানিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। কোনও কোনও ক্ষেত্রে এই ধরনের একত্রবাস সঙ্গীকে স্ত্রীর সমান আইনি মর্যাদাও দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি।
আদালত এই সম্পর্ক-কে গান্ধর্ব মতে বিবাহের সঙ্গে তুলনা করেছে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লির এক যুবক লিভ-ইন সঙ্গীর অভিযোগের প্রেক্ষিতে আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অভিযোগ, লিভ-ইন সম্পর্কে থাকাকালীন একাধিক বার মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন মামলাকারী যুবক। বিবাহের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু পরে সম্পর্ক ভেঙে দেন। বিচারপতি এস শ্রীমতীর পর্যবেক্ষণ, লিভ-ইন সম্পর্ক ভারতীয় সমাজে একটি সাংস্কৃতিক ধাক্কা। তবে এটা ব্যাপক ভাবে প্রচলিত।
মহিলারা এখন নিজেদের আধুনিক মনে করে লিভ-ইন সম্পর্কে যান। কিন্তু পরে বুঝতে পারেন, এতে বিয়ের মতো আইনি সুরক্ষা নেই। যদিও মামলাকারীর আগাম জামিনের আর্জিও তিনি খারিজ করে দিয়েছেন।








