
নব্বইয়ের দশকের গ্ল্যামারাস কেরিয়ার থেকে ২ হাজার কোটি টাকার মাদক মামলা। বহু বিতর্ক পেরিয়ে এবার সন্ন্যাসিনী হয়েছেন অভিনেত্রী মমতা কুলকার্নি। শুক্রবার প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন শাহরুখ খান-সলমন খানের অভিনেত্রী।
শুক্রবার মহাকুম্ভের কিন্নর আখড়াতে মহামণ্ডলেশ্বর রীতির মাধ্যমে সন্ন্যাস গ্রহণ করেছেন তিনি। এদিন তিনি পিণ্ডদানও করেন। এই রীতির মাধ্যমে নতুন নামকরণও হয়েছে মমতা কুলকার্নির। অভিনেত্রীর নতুন নাম শ্রী ইয়মাই মমতা নন্দ গিরি। পাশাপাশি কিন্নর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর অর্থাৎ লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী ও জুনা আখড়ার আচার্য স্বামী জয় অম্বানন্দ গিরির সঙ্গেও দেখা করেছেন মমতা কুলকার্নি। সেই মুহূর্তের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।ভিডিওতে মমতা কুলকার্নিরকে গেরুয়া বসন পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। তার সঙ্গে অভিনেত্রীর গলায় রুদ্রাক্ষের মালা। একেবারে অচেনা রূপে তাঁকে দেখে অবাক অনুরাগীরা।উল্লেখ্য, নব্বইয়ের দশকে কর্ণ অর্জুন, চায়না গেট, তিরঙ্গা, আশিক আওয়ারা, ক্রান্তিবীরের মতো ছবিতে অভিনয় করার জন্য মমতা কুলকার্নিকে মনে রেখেছে দর্শক। সেই সময় তাঁর প্রেমে পড়েন ডন ছোটা রাজন।
যদিও সেই সম্পর্ক ভেঙে যায়, পরবর্তীতে বিয়েও করেন ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীকে। একের পর এক বিতর্ককে সঙ্গী করে মাঝপথেই স্তব্ধ হয় মমতা কুলকার্নির বলিউডের গ্ল্যামারাস কেরিয়ার। বেশ কিছুদিন ভারতের বাইরে ছিলেন তিনি। কেনিয়ায় মাদকযোগে তাঁর নাম জড়িয়েছিল। ছাড়পত্র পেয়ে ২৫ বছর পরে দেশে ফিরেছেন তিনি।
