
মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একাধিক ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও যোগীকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন বলে খবর। অন্যদিকে, পদপিষ্টের ঘটনার পরই মৌনী অমাবস্যায় শাহি স্নান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সাধুদের আখড়াগুলি। পুণ্যার্থীদের উদ্দেশে যোগীর আবেদন, সঙ্গম ঘাটে ভিড় না করাই শ্রেয়। আরও ঘাট রয়েছে। সেখানে যেতে পারেন পুণ্যার্থীরা। গুজবে কান দিতেও নিষেধ করেছেন তিনি। তবে কুম্ভমেলা চত্বরে এই মুহূর্তে হাহাকার ধরা পড়ছে। সেখানে একটি অ্যাম্বুল্যান্সে আগুন ধরে গিয়েছে বলেও সামনে এসেছে। মৌনী অমাবস্যায় শাহি স্নান করার হুড়োহুড়ি গঙ্গা, যমুনা, এবং অন্তঃসলিলা সরস্বতী— তিন নদীর সঙ্গমে। তাতেই বিপত্তি। বুধবার ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনা ঘটে। প্রথমেই স্থানীয় উদ্ধারকারী দল পরিস্থিতি সামাল দিতে নামে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।
এ ছাড়াও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে হাত লাগিয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেই কারণে ঘটনাস্থলে র্যাফ নামানো হয়েছে। একই সঙ্গে পৌঁছেছে এনএসজি-র দলও। গোটা ঘটনায় ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
