
৬ হাজার কোটি টাকার মহাদেব অনলাইন বেটিং অ্যাপকাণ্ডে মূল অভিযুক্ত রবি উপ্পল নিখোঁজ হয়ে গিয়েছে। গত বছর দুবাই পুলিশ তাকে গ্রেফতার করলেও, সংযুক্ত আরব আমিরাত থেকে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াও আপাতত স্থগিত রাখা হয়েছে।
২০২৩ সালের ডিসেম্বরে ইন্টারপোলের রেড কর্নার নোটিসের ভিত্তিতে উপ্পলকে গ্রেফতার করেছিল দুবাই কর্তৃপক্ষ। যদিও ৪৫ দিন পর জামিনে মুক্তি পান তিনি, কিন্তু তখনও তাঁর উপর নজরদারি ছিল। কিন্তু নভেম্বর ২০২৫-এ এসে দেখা যাচ্ছে রবি উপ্পল আর দুবাইতে নেই। সূত্র বলছে, তিনি দেশ ছেড়ে কোনও অজানা স্থানে চলে গিয়েছেন। ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, নির্ধারিত সময়েই সব প্রয়োজনীয় কাগজপত্র আমিরশাহি সরকারকে পাঠানো হয়েছিল।
কিন্তু সংযুক্ত আরব আমিরাতের তরফে জানানো হয়েছে, নথিপত্র সময়মতো না পাওয়ায় আপাতত প্রত্যর্পণ প্রক্রিয়া হোল্ডে রাখা হয়েছে। এই ঘটনায় বড় ধাক্কা খেল ইডি। কারণ, রবি উগ্গলের সঙ্গী সৌরভ চন্দ্রকার এখনও দুবাই পুলিশের হেফাজতে থাকলেও, তাঁকে এখনও ভারতে আনা যায়নি। ২০২৪ সালের ডিসেম্বরে গ্রেফতার হন চন্দ্রকার, বর্তমানে তিনি গৃহবন্দি।








