
মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায় এবার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে গাফিলতি এবং অব্যবস্থার অভিযোগ তুলে এই মামলা দায়ের করা হয়েছে।
বিশাল তিওয়ারি নামের এক আইনজীবী পদপিষ্টের ঘটনায় প্রায় ২৪ ঘণ্টা পর এই মামলা দায়ের করেছেন শীর্ষ আদালতে।মৌনী অমাবস্যার পুণ্য তিথিতে স্নানে নেমে পদপিষ্ট হয়েছেন প্রচুর মানুষ। সরকারি তথ্য বলছে এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। এখন হাসপাতালে ভর্তি কমপক্ষে ৯০ জন। এই অবস্থায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে যোগী সরকারের কাছে স্ট্যাটাস রিপোর্ট তলবের আর্জি জানানো হয়েছে। মামলাকারী আইনজীবীর বক্তব্য, যে সমস্ত রাজ্য থেকে মানুষ মহাকুম্ভে আসছেন সেই সব রাজ্য সরকারেরও উচিত তাঁদের বাসিন্দাদের সুরক্ষা নিয়ে ভাবা।
আর এর জন্য একজোট হয়ে কাজ করতে হবে। সেই অনুযায়ী সব রাজ্যকে এই ব্যাপারে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হোক বলেও শীর্ষ আদালতে আবেদন করেছেন তিনি।







