মহারাষ্ট্রের বিজেপি প্রার্থী বঙ্গের ভোটার তালিকায়

0
83
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মহারাষ্ট্রের ভোটার,পশ্চিমবঙ্গের তালিকায় নাম, নতুন বিতর্কে তৃণমূল কংগ্রেস-বিজেপি সংঘাত আরও বাড়ছে। বীরভূমের দুবরাজপুরে এক মহিলার নাম ঘিরে ভোটার তালিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের দাবি, উজ্জ্বলা বুরুঙ্গলে নামে ওই মহিলা মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা। তাঁর নাম মহারাষ্ট্রের ভোটার তালিকায় নথিভুক্ত রয়েছে। শুধু তাই নয়, ২০২৬ সালের নাসিক জেলা পরিষদ নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলে অভিযোগ। অথচ সেই উজ্জ্বলা বুরুঙ্গলের নামই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার ১৯৪ নম্বর বুথের ২০২৫ সালের ভোটার তালিকায়।তৃণমূলের আরও অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সময় উজ্জ্বলা বুরুঙ্গলে এনামুরেশন ফর্মও জমা দিয়েছেন। এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে শুনানির নোটিসও পেয়েছেন তিনি। অর্থাৎ, প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়েই তাঁর নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা হয়েছে বলে দাবি শাসক দলের।এই ঘটনাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে। শাসক দলের বক্তব্য, বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে ভোটারদের অনৈতিক উপায়ে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢোকানোর পরিকল্পিত চেষ্টা চলছে।

তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মতে, ভোটার তালিকায় এমন অনিয়ম গণতন্ত্রের জন্য বিপজ্জনক। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপও দাবি করেছে তারা। যদিও এই অভিযোগ নিয়ে বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।