
লাড়কী বহীণ প্রকল্পে বাজেট বরাদ্দ কমিয়েছে মহারাষ্ট্র সরকার। গত অর্থবর্ষে একনাথ শিণ্ডের সরকার এই প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল। এবারের বাজেটে তা ১০ হাজার কোটি টাকা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দেবেন্দ্র ফড়নবীসের নেতৃত্বাধীন সরকার। সোমবার বাজেট বক্তৃতায় মহারাষ্ট্রের অর্থমন্ত্রী অজিত পাওয়ার জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য লাড়কী বহীণ প্রকল্পে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
যদিও মুখ্যমন্ত্রী ফড়নবীসের বক্তব্য, বাজেটে ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পে ২৫ থেকে ৬৫ বছর বয়সি মহিলাদের মাসে দেড় হাজার টাকা দেয় মহারাষ্ট্র সরকার। প্রকল্পের অন্যতম শর্ত, উপভোক্তাকে মহারাষ্ট্রের বাসিন্দা হতে হবে। বিয়ে করে অন্যত্র চলে গেলে চলবে না। গত বিধানসভা ভোটে ভাতার পরিমাণ ১৫০০ টাকা করে ২১০০ করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন মহাজটি জোট।
এনিয়ে মহারাষ্ট্র সরকারের সমালোচনাও করেছেন শিবসেনা ইউবিটি প্রধান উদ্ধব ঠাকরে। যদিও মুখ্যমন্ত্রী ফড়নবীসের প্রতিশ্রুতি ধাপে ধাপে ভাতা বর্ধিত করা হবে।








