মহারাষ্ট্রে ফের গুলেন বারিতে মৃত ২, আক্রান্ত ১৩০

0
121
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
মহারাষ্ট্রে ফের গুলেন বারি সিনড্রোমে আরও দু’জনের মৃত্যুতে আতঙ্ক বেড়েছে। একজন পুণের বাসিন্দা।
দ্বিতীয় জন পিম্পরি চিঞ্চওয়াড়ের। স্নায়ুর এই সমস্যায় এখন পর্যন্ত মহারাষ্ট্রে প্রাণ হারিয়েছেন চার জন।প্রশাসন সূত্রে খবর, পিম্পরি চিঞ্চওয়াড়ে ২৬ বছরের এক আক্রান্তের মৃত্যু হয়েছে। জিবিএস সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রের পুণেতেই। সেখানে এখন পর্যন্ত ১৩০ জন আক্রান্তের হদিস মিলেছে। কয়েক দিন ধরেই এই সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে ২৪ জানুয়ারি রাজ্য স্বাস্থ্য দফতর একটি র‌্যাপিড রেসপন্স টিমও গঠন করেছে। ওই দলের সদস্যেরা বাড়ি বাড়ি ঘুরে সতর্ক করেছেন। পুণে পুরসভার অধীনে প্রায় ১ হাজার ৯৪৩টি বাড়িতে ঘুরে নজরদারি চালিয়েছেন সদস্যেরা। চিঞ্চওয়ার পুরসভার অধীনে ১ হাজার ৭৫০টি বাড়িতে নজরদারি চালানো হয়েছে।চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুদের পাশাপাশি কমবয়সিরাও আক্রান্ত হতে পারেন জিবিএস ভাইরাসে। তবে তাঁরা মনে করছেন, এই সংক্রমণ অতিমারির আকার নেওয়ার সম্ভাবনা নেই।
পুণে পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, গুলেন বারি সিন্ড্রোমে আক্রান্তদের ডায়েরিয়া, পেটব্যথা, জ্বর, বমি ভাবের মতো উপসর্গ দেখা দেয়। তাই কারও এই ধরনের উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।