
মহারাষ্ট্রে শেষমুহূর্তে টেট পরীক্ষা স্থগিত হওয়ায় বিজেপিকে কটাক্ষ রাহুল গান্ধীর। নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, আবারও প্রশ্নপত্র ফাঁস। আবারও পরীক্ষা বাতিল। এবার মহারাষ্ট্র টেট। দেশের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থা তোলাবাজিতে পরিণত হয়েছে, যার ফলে দেশের প্রতিটি তরুণ আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এটি কেবল প্রশ্নপত্র ফাঁস নয়, এটি তরুণদের ভবিষ্যৎ চুরি করার শামিল। প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে মহারাষ্ট্রের বিরোধী শিবির বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেছেন, প্রশ্নপত্র ফাঁস কোনও নতুন ব্যাপার নয়, এটা মহারাষ্ট্র সরকারের পরিচয় হয়ে উঠেছে। প্রসঙ্গত, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মহারাষ্ট্রে রবিবারের টেট ২০২৬ শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়।
মাত্র ২৪ ঘণ্টা আগে প্রশ্নফাঁসের সন্দেহ, আশঙ্কায় বন্ধ করা হয় পরীক্ষা। বিবৃতি দিয়ে মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পর্ষদ জানিয়েছে, তারা সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষা সম্পন্ন করতে দায়বদ্ধ। পরিস্থিতির গুরুত্ব ও পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজনীয়তা মাথায় রেখে ২৮ জুনের পরীক্ষা স্থগিত থাকছে। ৩৭টি জায়গার ১৭২৮টি কেন্দ্রে অন্তত ৬ লক্ষ প্রার্থীর পরীক্ষায় বসার কথা ছিল। এখন পর্যন্ত এই ব্যাপারে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে ভিওয়ান্ডি পুলিশ।
