
সরপঞ্চ সন্তোষ দেশমুখ হত্যা মামলায় বিতর্কে জড়িয়ে ইস্তফা দিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপির নেতা ধনঞ্জয় মুণ্ডে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে জমা পড়েছে পদত্যাগ পত্র। ধনঞ্জয় মুণ্ডের ব্যক্তিগত সহকারী প্রশান্ত যোশী মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে পদত্যাগ পত্র জমা দিয়ে আসেন। ইতিমধ্যেই ধনঞ্জয়ের ইস্তফা গ্রহণ করেছেন দেবেন্দ্র ফড়নবিশ।
এই প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মুন্ডে তাঁকে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি এটি গ্রহণ করেছেন এবং রাজ্যপালের কাছে পাঠিয়েছেন।কিছুদিন আগে সরপঞ্চ সন্তোষ দেশমুখ হত্যা মামলায় বিতর্কে জড়িয়ে পড়েছিলেন ধনঞ্জয় মুণ্ডে।
সিট তাদের চার্জশিটে এনসিপি নেতার এক ঘনিষ্ঠ বাল্মিক করাডকের নাম আসে। এরপরে বাল্মিক করাড এবং তার ছয় সহযোগীকে এই বছরের জানুয়ারিতে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ। তাই তড়িঘড়ি মন্ত্রিত্ব ছাড়লেন ধনঞ্জয় মুণ্ডে।
