
রথযাত্রা উপলক্ষ্যে পুরীর মতই সেজে উঠেছে মাহেশ, ইসকন, মহিষাদল। এবারে মাহেশের রথযাত্রা ৬২৮ বছরে পড়েছে। স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর এসেছিল।
১৫ দিন পাচন খেয়ে জ্বর সারার পর এবার মাসির বাড়ির যাওয়ার প্রস্তুতি। ইতিমধ্যেই সব প্রস্তুতি সাড়া হয়ে গিয়েছে। রঙিন হয়ে উঠেছে রথ। সবমিলিয়ে রথের রশি টানতে এখন মুখিয়ে মাহেশবাসী। শেষ পর্যায়ের প্রস্তুতি মায়াপুর ইস্কনেও। দেশবিদেশ থেকে ভক্তের দল আসতে শুরু করেছে মায়াপুরে। রবিবার মায়াপুর ইসকন মন্দির থেকে ৫ কিলোমিটার দূরে রাজাপুর জগন্নাথ মন্দির থেকে ৩টি আলাদা রথে জগন্নাথ, বলরাম এবং শুভদ্রা মায়ারপুর চন্দ্র রায় মন্দিরের অস্থায়ী গুণ্ডিচায় যাবে। উল্টো রথের দিন আবার এই গুণ্ডিচা থেকেই মন্দিরে ফিরবেন ৩ ভাই বোন। একইরকম প্রস্তুতি পূর্ব মেদিনীপুরের মহিষাদলেও। সেখানে রথযাত্রার পাশাপাশি রথের মেলা বাড়তি পাওনা। এদিকে ৫৩ তম বর্ষে পড়েছে এবারে কলকাতা ইসকনের রথযাত্রা। রথের রশিতে টান দিয়ে এবারও রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অ্যালবার্ট রোড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি পার্কের নামকরণ এবং আলিপুরদুয়ারে আদ্যাপীঠ মন্দিরের নতুন মন্দিরে উদ্বোধন করার কথা।
