হরিদেবপুর গণধর্ষণকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত চন্দন

0
125
ছবি সৌজন্যে : নিজস্ব

বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার হরিদেবপুর গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত চন্দন মল্লিক। দক্ষিণ কলকাতার হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ।

অপর অভিযুক্ত দীপ-এর খোঁজে তল্লাশি চলছে। নির্যাতিতা তরুণী হরিদেবপুর থানা এলাকার বাসিন্দা। বেশ কয়েক মাস আগে তাঁর সঙ্গে চন্দন মল্লিকের পরিচয় হয়েছিল। নিজেকে দক্ষিণ কলকাতার একটি বড়পুজো কমিটির কর্তা বলে পরিচয় দেন তিনি। তার সূত্রেই তরুণীর সঙ্গে দীপ নামে আরও এক যুবকের পরিচয় হয়। দুই যুবক তরুণীকে ওই পুজো কমিটির সঙ্গে যুক্ত করিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেন। তাদের মধ্যে প্রায়ই কথা হত। চলতি মাসের পাঁচ তারিখ তরুণীর জন্মদিন ছিল।

অভিযোগ, সেই উপলক্ষ্যে নির্যাতিতাকে রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে নিয়ে যান চন্দন ও দীপ। সেখানেই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতনের পর কোনওমতে বাড়ি ফিরে আসেন তরুণী। পরে থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিল চন্দন ও দীপ।