
পানাগড়কাণ্ডে তরুণীর মৃত্যুর ৪ দিনের মাথায় অবশেষে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত বাবলু যাদবকে। রবিবার রাতে ঘটনার সময় সাদা এসইউভি গাড়িটি চালাচ্ছিলেন বাবলুই। আসানসোলের নিঘা থেকে বাবলুকে গ্রেফতার করে পশ্চিম বর্ধমানের কাঁকসা থানায় নিয়ে যায় তদন্তকারীরা। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের । ডিসি অভিষেক গুপ্ত গ্রেফতারের কথা জানিয়েছেন।
রবিবার রাতে পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দনগরের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্র চট্টোপাধ্যায়ের। অভিযোগ ওঠে ইভটিজিং থেকে বাঁচতে পালাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। তখনই গাড়ি উল্টে মৃত্যু হয় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। সাদা এসইউভি গাড়ি দিয়ে সুতন্দ্রাদের গাড়িতে বারবার ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে বাবলু যাদবদের বিরুদ্ধে। এমনটাই দাবি করেছিল সুতন্দ্রার গাড়িতে থাকা তার সহকর্মীরা। আগেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরি দাবি করেছিলেন ইভটিজিংয়ের ঘটনাই ঘটেনি।
রেষারেষিতে দুর্ঘটনা ঘটেছে। যদিও সুতন্দ্রার পরিবার ইভটিজিংয়ের তত্ত্বেই অনড় রয়েছে। তাদের দাবি যদি ইভটিজিং না হয়ে থাকত তবে কেন দুর্ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেল। পাশাপাশি পুলিশের ভূমিকার প্রশ্ন তুলে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা বলেছেন ৪ দিন পর শুধুমাত্র একজনকেই ধরতে পারল পুলিশ। বাকিদের কেন খোঁজ পাচ্ছে না পুলিশ।






