আবাস থেকে ১২৫ দিনের কাজ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
125
ছবি সৌজন্যে :ফেসবুক

হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। তিন প্রতিশ্রুতি বাস্তবায়নে কেন্দ্রের তরফে ঢালাও বরাদ্দ। নবান্নে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকের পর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আবাস যোজনা থেকে মিড ডে মিল। গ্রাম সড়ক যোজনা থেকে ১০০ দিনের বদলে ১২৫ দিনের কর্মসংস্থান। রাজ্যে ১ লাখ বাড়ির টাকা দিয়েছে কেন্দ্র। তিনি জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ থেকে শুরু করে ৮০ লাখ মহিলাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। আলাদা করে কৃষি সংক্রান্ত বিষয়ে দার্জিলিং, পুরুলিয়া, ঝাড়গ্রাম নিয়ে আলাদা করে আলোচনা হয়েছে। এরপরেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন আবাসে ১ লাখ বাড়ি তৈরির টাকা দিয়েছে কেন্দ্র। গ্রাম সড়ক যোজনায় দেওয়া হয়েছে ১ হাজার কোটি। ২৪শ কিলোমিটার রাস্তার জন্য টাকা এসেছে। উদ্যান পালনের ক্ষেত্রে ফুল ও পান সহ নানা ক্ষেত্রে চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলায় ১২৫ দিনের কাজে ২কোটি ৫৬ লাখ জব কার্ড চিহ্নিত করা হয়েছে। মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধির কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পয়লা অগাস্ট থেকে মিড ডে মিলের দৈনিক বরাদ্দ ৬টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হচ্ছে।

এদিকে কেন্দ্রীয় কষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন পশ্চিমবঙ্গে নতুন সরকার ভাল কাজ করছে। আগের সরকার কোনও কাজ করেনি। কোনও সহযোগিতাও করেনি। এবার পশ্চিমবঙ্গের মানুষের দ্রুত বিকাশ হবে।