
লেহতে ভেঙে পড়ল ভারতীয় সেনার চপার। চপারের ভিতর তিন জন সেনা আধিকারিক ছিলেন। বরাত জোড়ে তাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন। শুধু তাই নয়, দুর্ঘটনার পর তাঁরা একটি নিজস্বী, সেলফি তুলেছেন, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি টিএম৩৩৩বি ইঞ্জিনযুক্ত চিতা মডেলের নতুন সংস্করণ। বুধবার বিকেলে এটি লেহতে ভেঙে পড়ে। চপারটির ভিতরে ছিলেন দুই সেনা পাইলট এবং ডিভিশন কমান্ডার মেজর জেনারেল শচীন মেহতা। সেনা সূত্রে জানা গিয়েছে, তিনজনই আহত হলেও তাঁরা স্থিতিশীল। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে খবর। দুর্ঘটনার পর মেজর জেনারেল শচীন মেহতা নিজেদের একটি ছবি তোলেন। ছবি দেখা যাচ্ছে,পাহাড়ের উপর তিন জন শুয়ে রয়েছেন। তাঁদের সামনেই পড়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি।
ছবিটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উল্লেখ্য, ১৯৭০ থেকে সেনাবাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে চিতা হেলিকপ্টার। উচ্চ পার্বত্য এলাকায়, বিশেষ করে সিয়াচেন হিমবাহে খাবার এবং অন্যন্য সরঞ্জাম পৌঁছনো, উদ্ধারকাজ ও নজরদারিতে এই হেলিকপ্টার দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ১৯৮৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন মেঘদূত-এ-ও এই চপার ব্যবহৃত হয়েছিল। তবে গত কয়েক বছরে একের পর এক চিতা হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে, যা নিয়ে উদ্বেগ বেড়েছে।








