
খোলা হয়নি অধিবেশন কক্ষ। নজিরবিহীনভাবে অধিবেশন কক্ষের বাইরে কাউন্সিলর্স রুমে বসল পুরসভার মাসিক অধিবেশন। শুক্রবার পুরসভার মাসিক অধিবেশন ডাকা হয়েছিল।
সেই অনুযায়ী কাউন্সিলররা এসেছিলেন। কিন্তু কলকাতা পুরসভার মেয়র এবং পুর কমিশনার দ্বন্দ্বে শুক্রবার তালা খোলা হয়নি অধিবেশন কক্ষের। সচিব বদল হওয়ায় নতুন সচিব জানিয়েছেন তিনি এখনও দায়িত্ব নেননি তাই তিনি সিদ্ধান্ত নিতে পারবেন না। এরপর চেয়ারপার্সন মালা রায়ের ঘরে বৈঠক করেন তৃণমূল কাউন্সিলররা। সেখানেই ঠিক হয় হাউসের বাইরেই বসবে হাউস। এরপর কাউন্সিলর্স রুমে বসে পুর অধিবেশন।
চেয়ার টেবিলগুলোকে কাউন্সিলররা নিজেরাই সরিয়ে অধিবেশনের ধাঁচে সাজানোর চেষ্টা করেন। সেখানে মাইক ছাড়া অধিবেশনে বক্তব্য রাখেন চেয়ারপার্সন মালা রায়, মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ।





